
বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি:
ফেনী শহরের বড় বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রধান প্রবেশপথগুলোতে নিরাপত্তা ফটক নির্মাণের উদ্যোগ নিয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। এরই অংশ হিসেবে নির্মিত দুটি ফটকের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে ফিতা কেটে ফটক দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের সদস্যসচিব নঈমউল্লাহ চৌধুরী বরাত, ফেনী পৌর যুবদলের সদস্যসচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল বলেন, বড় বাজারে মোট ১৬টি প্রবেশপথ রয়েছে। প্রতিদিন এসব পথ দিয়ে বিপুলসংখ্যক ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষ যাতায়াত করেন। বাজারের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে সবকটি প্রবেশপথে পর্যায়ক্রমে নিরাপত্তা ফটক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে দুটি ফটকের নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট ১৪টি ফটকও পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।