
বিশেষ প্রতিনিধি, Reporter।।
সোনাগাজী প্রতিনিধি :
মা ইলিশ রক্ষায় ফেনী নদী ও এর মোহনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। শনিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ মিয়া এবং ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি মৎস্য অফিসার বিজয় কুমার পাল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান কালে নদীতে মাছ ধরার দৃশ্য চোখে পড়েনি, এসময় ৩হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।