
বিশেষ প্রতিনিধি, Reporter।।
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধায় বিএনপির হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গতকাল রবিবার বাদ আসর ছাত্রশিবিরের ফেনী শহর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, শহর সভাপতি শফিকুল ইসলাম ও সাবেক জেলা সভাপতি জিয়াউর রহমান। এ সময় সাবেক শহর সভাপতি ওমর ফারুক, মো. ইসমাইল হোসেন এবং বর্তমান শহর সেক্রেটারি এনামুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও সুষ্ঠু বিচার নিশ্চিত হচ্ছে না। তারা দাবি করেন, গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিকে বাদ দিয়ে অন্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।