
বিশেষ প্রতিনিধি, Reporter।।
দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণ এবং প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাকিস্তান বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজের নেতৃত্বে হারুন মাস্টার, মিজি মন্নান, এম এ খালেক, সাবেক মেম্বার কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২নং রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহ্বান করা হয়েছে। এতে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে ভোগান্তির শিকার হতে হবে।
তারা দাবি করেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের সমান সুবিধা নিশ্চিত করতে চাঁদ মিয়ার বাজার থেকে কোরাইশমুন্সী বাজার সংলগ্ন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বোর্ড অফিস নির্মাণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল করে নতুন করে উপযুক্ত স্থানে বোর্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। এসময় তারা বলে অবিলম্বে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী করেন তারা।
পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন