
বিশেষ প্রতিনিধি, Reporter।।
মিরসরাই প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান বলেন, মানুষ সবসময় সঠিক সময়ে সঠিক তথ্য জানতে চায়। একটি সংবাদে যত বেশি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তথ্য থাকবে, ততই তা পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তিনি বলেন, সাংবাদিকদের কাজ হলো তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহ ও পরিবেশন করা—কল্পনা নয়, বাস্তবতার উপর দাঁড়িয়ে সংবাদ তৈরি করতে হবে। এজন্য শুদ্ধ সাংবাদিকতা করতে হবে।
তিনি সোমবার (২৩ মার্চ) সকালে পাইলট স্কুল মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে প্রেস ক্লাব কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা মূলত ভাষা ও বক্তব্যের শিল্পী। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন, যা সাংবাদিক মহলে প্রশংসিত হয়েছে।
মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকরা যদি মানুষের পক্ষে থেকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর স্পিস রাইর্টার ও ইউএনবির সাবেক সম্পাদক মাহফুজুর রহমান।
ওইদিন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নজরুল গবেষক কামাল উদ্দিন, সাবেক কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার চট্টগ্রাম ব্যুরো চিফ এনায়েত হোসেন মিঠু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্লাহ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, দিদারুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূইয়াঁ, সদস্য আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য মেহরাজ হোসেন, জাবেদ ভূইয়াঁ, শিহাব উদ্দিন সিদ্দিক ও শাখাওয়াত হোসেন সাকিব।